ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ Dean International Students Awards (DIS Awards) অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী নাঈম রাজ। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের ‘মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার’ প্রোগ্রামে সর্বোচ্চ ফলাফল অর্জন করে প্রথম স্থান অধিকার করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
নাঈম রাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬–২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য ভারত সরকারের Indian Council for Cultural Relations (ICCR) Scholarship লাভ করেন তিনি।
এই বৃত্তির আওতায় ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারে মাস্টার্স ইন ইন্ডিয়ান থিয়েটার প্রোগ্রামে ভর্তি হন নাঈম। সেখানে অধ্যয়নকালে বিভাগ ও সংশ্লিষ্ট ফ্যাকাল্টির শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করে প্রথম স্থান দখল করেন তিনি।
একাডেমিক এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে Dean International Students Awards-এর জন্য মনোনীত করে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত DIS Awards and International Student Meet অনুষ্ঠানে নাঈম রাজের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বের ২২টি দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশ নেন। সম্মাননার অংশ হিসেবে নাঈমকে সনদপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কারের চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে Dean International Students-এর পরিচালক অধ্যাপক কেওয়াল কৃষ্ণ নাঈম রাজের অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং তাকে অভিনন্দন জানান।
Dean Students’ Welfare-এর পরিচালক অধ্যাপক নমিতা গুপ্তা নাঈমের অর্জনের প্রশংসা করে বলেন, তিনি শুধু বাংলাদেশের জন্য নয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের। তার এ সাফল্যের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের চেয়ারপারসন ড. নভদ্বীপ কৌরও নাঈম রাজকে অভিনন্দন জানান। তিনি বলেন, নাঈমের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো বিভাগের জন্যও গৌরবের। ভবিষ্যতে থিয়েটার ও পারফরম্যান্সের ক্ষেত্রে তিনি আরও উল্লেখযোগ্য কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীনাক্ষী গোয়ালও নাঈম রাজের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ গর্বের বলে উল্লেখ করেন। ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারের একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর এমন সাফল্য ভবিষ্যতে অন্যান্য বিদেশি শিক্ষার্থীকেও অনুপ্রাণিত করবে বলে তিনি মন্তব্য করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই থিয়েটার, সংস্কৃতি এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন নাঈম রাজ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয় জীবনে সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। নাট্যচর্চার পাশাপাশি পারফরম্যান্স আর্টেও তার কাজ প্রশংসিত হয়েছে।
পারফরম্যান্স আর্টে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তরুণ বাংলাদেশি শিল্পীদের মধ্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেন নাঈম রাজ।
দেশের বাইরে উচ্চশিক্ষায় একাডেমিক সাফল্যের পাশাপাশি থিয়েটার ও সংস্কৃতিতে তার এ অর্জন বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও শিল্পীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।









