ইরানের তেল বিক্রি বন্ধ করা হলে একই অঞ্চলে অন্য দেশগুলোর তেল বিক্রিও মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
হরমুজ প্রণালি ও আঞ্চলিক তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ২২ জুলাইয়ের একটি পুরোনো বার্তা আবার প্রকাশ করে নিজের অবস্থান জানান গালিবাফ।
ইরানের বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, হরমুজ প্রণালির ওপর মার্কিন বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
একই সঙ্গে ইরানের তেল রপ্তানিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
কুপারের ওই বক্তব্যের জবাবেই গালিবাফ তার আগের মন্তব্যটি পুনরায় সামনে আনেন।
তিনি বলেন, এই সংঘাতের সমীকরণ পরিষ্কার ‘হয় সবাই, নয়তো কেউ নয়।’
তার ভাষ্য, যে অঞ্চলে ইরান তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো পক্ষও তেল বিক্রি করতে পারবে না।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন ইরানের পার্লামেন্ট স্পিকার।
তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান শর্ত হলো সেখানে মার্কিন সেনাদের উপস্থিতি না থাকা।
গালিবাফ আরও বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।
তার বক্তব্যে হরমুজ প্রণালি, ইরানের তেল রপ্তানি এবং আঞ্চলিক জ্বালানি বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বিরোধ আরও স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে।









