নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কাজে প্রয়োজন হলে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের দুর্যোগ নিয়ে শোক ও সংহতি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের পাশে থাকার কথা জানানো হয়েছে।
নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু মানুষ হতাহত হয়েছেন। অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। পর্যটকদের মধ্যেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগের এই সময়ে নেপালের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর তুষারধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে।
উদ্ধার কাজে নেপালের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। উদ্ধার অভিযানে ১৫টি হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৩৪১ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই বিদেশি নাগরিক।
নিখোঁজ পর্যটকদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক রয়েছেন বলে জানা গেছে।








