ককরোচ জনতা পার্টি আবার দিল্লিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে। কেন্দ্রের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে আগামী ৫ সেপ্টেম্বর রাজপথে নামবে দলটি।
বুধবার (২৬ আগস্ট) যন্তর মন্তরের প্রায় এক মাসের আন্দোলন প্রত্যাহারের পর নতুন কর্মসূচির কথা জানায় সংগঠনটি।
দলটি জানিয়েছে, ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করা হবে।
ককরোচ জনতা পার্টির দাবি, যন্তর মন্তরের ধর্না শেষ করার আগে কেন্দ্র চারটি দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। তবে এখনো তিনটি দাবি পূরণ হয়নি।
দাবিগুলোর মধ্যে রয়েছে, নিট কেলেঙ্কারিতে আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং লাঠিচার্জের ঘটনায় ব্যবস্থা নেওয়া।
এ ছাড়া দিল্লি পুলিশ ও দাঙ্গা দমন বাহিনীর ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে দলটি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ককরোচ জনতা পার্টি জানায়, প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আবার আন্দোলনের পথে যেতে হচ্ছে।
দলটির অভিযোগ, সরকারের কাছে দেওয়া আরও ১১টি প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এসব বিষয়ে জবাবদিহি দাবি করেছে সংগঠনটি।
যন্তর মন্তরের আন্দোলনের সময় নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিল ককরোচ জনতা পার্টি।
গত ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসে দলটির নেতৃত্ব।
বৈঠকের পর চারটি দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করে দলটি। সেই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলন স্থগিত করা হয়।
তবে এখন সংগঠনটির অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি কেন্দ্র।
এদিকে ৫ সেপ্টেম্বরের মিছিল নিয়ে দিল্লি পুলিশের অনুমতি পাওয়া এখনো অনিশ্চিত।
পুলিশ সূত্র জানিয়েছে, এখনো পর্যন্ত মিছিলের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। অনুমতি চাইলেও ইন্ডিয়া গেটে বড় জমায়েতের অনুমতি দেওয়া হবে না বলে জানা গেছে।
দিল্লি পুলিশের দাবি, ইন্ডিয়া গেট প্রতিবাদের নির্ধারিত স্থান নয়। সেখানে বড় জমায়েত হলে আইনশৃঙ্খলা ও যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে।
তবে পুলিশের অবস্থান সত্ত্বেও কর্মসূচি থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেয়নি ককরোচ জনতা পার্টি।








