ঘন কুয়াশার কারণে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা দেওয়া হয়। পাশাপাশি কিছু এলাকায় ইয়েলো অ্যালার্টও জারি করা হয়েছে।
আমিরাতের আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস।
কুয়াশার কারণে সড়কে চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। একই সঙ্গে সড়কের ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
রাত ও সকালে বাড়তে পারে কুয়াশা
জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার আমিরাতের আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় ও দেশের অভ্যন্তরীণ কিছু এলাকায় বাতাসে আর্দ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এর ফলে কয়েকটি এলাকায় কুয়াশা অথবা হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে রাত ও সকালের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আমিরাতের তাপমাত্রা কত থাকবে?
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
শহরভিত্তিক সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা:
-
আবুধাবি: ২৬ ডিগ্রি সেলসিয়াস
-
দুবাই: ২৭ ডিগ্রি সেলসিয়াস
-
রাস আল খাইমা: ২৩ ডিগ্রি সেলসিয়াস
বাতাস ও সমুদ্রের পরিস্থিতি
দেশটিতে দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে। পরবর্তী সময়ে বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিমমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার থাকতে পারে। তবে দমকা হাওয়ার সময় তা ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এদিকে আরব উপসাগর ও ওমান সাগরের পানি সামান্য উত্তাল থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।









