GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার আগে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। তেহরানের বক্তব্য অনুযায়ী, এসব দাবি মেনে না নিলে প্রণালি খুলে দেওয়া কিংবা শান্তি আলোচনায় অগ্রগতি সম্ভব নয়।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্তের কথা জানানো হয়েছিল। তবে তখন সব দাবির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শর্তগুলোর বিস্তারিত তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ইরানের দাবিগুলো হলো:

১. যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

গত জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ভেঙে যাওয়ার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেগুলো তুলে নিতে হবে।

২. মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা কমানো

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর দাবি জানিয়েছে তেহরান।

৩. ইরানের তেল রপ্তানিতে ছাড় পুনর্বহাল

গত জুনে ইসলামাবাদ সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে যেসব ছাড় দেওয়া হয়েছিল, সেগুলো আবার কার্যকর করতে হবে।

৪. বিদেশে আটকে থাকা অর্থ ফেরত

বিদেশে জব্দ থাকা ইরানের সব অর্থ ছাড় করতে হবে। এর মধ্যে কাতারে আটকে থাকা অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

৫. হরমুজে নতুন নৌপথের স্বীকৃতি

ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য যে নতুন পথ নির্ধারণ করেছে, সেটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে অন্যান্য নৌপথ বন্ধ করার দাবিও জানিয়েছে তেহরান।

৬. মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ

মধ্যপ্রাচ্যের সব সংঘাতের অবসান চায় ইরান। বিশেষ করে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ করার দাবি জানিয়েছে দেশটি।

৭. নৌ অবরোধ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ

গত সেপ্টেম্বরে নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি আরও কয়েকটি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করা। বিশেষ করে ইরানের সরকারবিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধের দাবিও রয়েছে।

ইরানের এসব শর্তের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি কমানো এবং হরমুজে নতুন নৌপথের স্বীকৃতির মতো বিষয়গুলো সম্ভাব্য আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

Social Icons