ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে স্লোগান ও চিৎকারে বিরক্ত হয়ে উপস্থিত জনতাকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। তিনি বলেছিলেন, সবাই নীরব থাকলে পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। অন্যথায় এক ঘণ্টা কথা বলবেন। তবে পাঁচ মিনিটের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত প্রায় নয় মিনিট বক্তব্য দেন ৮৪ বছর বয়সী এই রাজনীতিক।
রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন খড়গে। এ সময় প্রায় ৩০ সেকেন্ড নীরব ছিলেন তিনি। সমাবেশস্থলে তখন স্লোগান, চিৎকার ও বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ চলছিল।
এতে বিরক্তি প্রকাশ করে উপস্থিত জনতার উদ্দেশে খড়গে বলেন, ‘আপনারা যদি চুপচাপ বসেন, তাহলে পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। আর চুপ না থাকলে এক ঘণ্টা ধরে বক্তব্য দেব।’
সমাবেশে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে সবচেয়ে বেশি স্লোগান দেওয়া হয়। তবে খড়গের বক্তব্য ও তার মন্তব্যও আলোচনার বিষয় হয়ে ওঠে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে খড়গের একটি মন্তব্য রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে বিহারের পাটনায় দেওয়া বক্তব্যে তিনি একই ধরনের মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববারের সমাবেশেও উপস্থিত কয়েকজনকে ‘মোদির বাবাও চলে যাবে’ স্লোগান দিতে শোনা যায়।
খড়গের ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিজেপি তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল। পাশাপাশি দলটি পাল্টা কর্মসূচিও ঘোষণা করে।









