GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / জীবনযাপন / অন্যান্য / রাজধানী / পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রাজিব চন্দ্র দাস। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানা পুলিশ এ অভিযান চালায়।

থানা সূত্রে জানা গেছে, রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরা ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ির প্যারাগন মাঠসংলগ্ন এলাকা থেকে রাজিবকে আটক করা হয়। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার ৪ নম্বর ওয়ার্ড। বর্তমানে তিনি উত্তরার ওই এলাকায় বসবাস করছিলেন।

সোমবার (২ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, রোববার রাতে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে। মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

ওসি আরও জানান, এ ঘটনায় পল্লবী থানায় নির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাজিবকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। রোববার মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর ফেসবুকে আগুন দেওয়ার দায় স্বীকার করে পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। পরে তাকে শনাক্ত করে আটক করে পুলিশ।

Social Icons