GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / নেপালে বন্যায় বাড়ছে লাশের সংখ্যা ৫০০ ছাড়াল

নেপালে বন্যায় বাড়ছে লাশের সংখ্যা ৫০০ ছাড়াল

নেপালে পাহাড়ি ধস ও আকস্মিক বন্যায় ধ্বংসযজ্ঞের চিত্র

নেপালের উত্তর সীমান্তে পাহাড়ি ধস ও আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। লেন্দে ও ভোটকোশি নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৯৭৭ জন। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন। খবর কাঠমান্ডু পোস্টের।

গত বুধবার (২৬ আগস্ট) তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এরপর বিপুল পরিমাণ পানি ও কাদামাটি নদীগুলোতে নেমে আসে। এতে নদীর পানির স্রোত হঠাৎ বেড়ে যায়।

প্রবল স্রোতে নদীর দুই পাশের রাস্তাঘাট, বসতবাড়ি এবং বিভিন্ন ধরনের সেতু ভেঙে যায়। এতে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম অনেক এলাকায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি।

ঘটনার মূল কেন্দ্র রসুয়া জেলা হলেও আশপাশের বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে প্রতিদিন মরদেহ উদ্ধার করা হচ্ছে। নদীর স্রোতে ভেসে যাওয়া এসব মরদেহ বিভিন্ন জেলার নদী ও তীরবর্তী এলাকায় পাওয়া যাচ্ছে।

নদী থেকে একের পর এক মরদেহ উদ্ধারের কারণে হাসপাতাল ও মরদেহ সংরক্ষণকেন্দ্রগুলোতে জায়গার সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতবন জেলায়। সেখানে একটি পরিত্যক্ত ভবনকে অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মরদেহ সংরক্ষণে শুকনো বরফের ব্যবস্থা করা হয়েছে।

নিখোঁজ স্বজনদের সন্ধানে বিভিন্ন অস্থায়ী মরদেহ শনাক্তকেন্দ্রে ভিড় করছেন পরিবারের সদস্যরা। অনেকেই স্বজনের ছবি হাতে নিয়ে অপেক্ষা করছেন।

শনাক্ত করা সম্ভব হয়নি এমন মরদেহগুলোর ডিএনএ নমুনা ও আঙুলের ছাপ সংগ্রহ করা হচ্ছে। পরে বিশেষ নম্বর দিয়ে মরদেহগুলো ট্যাগ করা হচ্ছে। শনাক্ত না হওয়া মরদেহ নিয়ম অনুযায়ী দাফন করা হচ্ছে।

বন্যা ও পাহাড়ি ধসের পর উদ্ধার তৎপরতা জোরদার করেছে নেপাল সরকার। দুর্গম এলাকাগুলোতে চার হাজারের বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন দুর্গম এলাকা থেকে আটকে পড়া বিদেশি নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। এরই মধ্যে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের শতাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে।

Tagged:

Social Icons