জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপিকে নিয়ে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আসতে শুরু করেছে। তবে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চান না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপির কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ও গণহত্যার সঙ্গে দলটির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড এবং ২০১৩ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের প্রাণহানির অভিযোগ তুলে তিনি এটিকে গণহত্যা হিসেবে উল্লেখ করেন।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী ও খুনি। তার ভাষায়, দলটি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি ‘নরপিশাচ’। এ কারণেই বিএনপিকে এখন আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না এবং ভবিষ্যতেও এমন তুলনা করতে চান না বলে জানান তিনি।
বিএনপিকে ঘিরে জনগণের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে মূল্যায়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং সেই দলের কর্মকাণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সভায় এনসিপির নেতা সরোয়ার তুষারসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









