জাতীয় পুরস্কার সংক্রান্ত প্রস্তাব যাচাই ও সুপারিশ দিতে ১০ সদস্যের মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে।
নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ ছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কমিটির সদস্য হয়েছেন।
কমিটিতে আরও রয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও কমিটির সদস্য থাকবেন।
জাতীয় পুরস্কারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা প্রস্তাব পরীক্ষা করাই কমিটির অন্যতম দায়িত্ব। পাশাপাশি বিভিন্ন জাতীয় পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেওয়ার বিষয়ে সুপারিশ করবে কমিটি।
নতুন জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই করেও সুপারিশ দেওয়ার দায়িত্ব রয়েছে কমিটির। এ ছাড়া কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়টিও কার্যপরিধিতে রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জাতীয় পুরস্কার সংক্রান্ত কমিটি গঠন নিয়ে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কমিটিকে সহায়তা দিতে নয় সদস্যের একটি সচিবালয়ও গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে গঠিত এই সচিবালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তথ্য ও সম্প্রচার এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে থাকবেন।









