যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে আবারও লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম।
ব্যারেলপ্রতি তেলের দাম বেড়েছে ১ ডলারেরও বেশি।
আজ সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে সামরিক হামলা চালানোর পর ইরানও জর্ডানে অবস্থিত মার্কিন সেনাগাঁটিতে পাল্টা আঘাত হানে।
এই ঘটনার পরপরই বিশ্বজুড়ে তেলের বাজারে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে আন্তর্জাতিক অপরিশোধিত তেল বা ব্রেন্ট ক্রুডের দাম ১.০৮ ডলার বা ১.২৩ শতাংশ বৃদ্ধি পায়।
এর ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের মূল্য দাঁড়ায় ৮৯.১৮ ডলারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১.১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৪.৩২ ডলারে পৌঁছায়।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, আন্তর্জাতিক জ্বালানি বাজার আবারও সংঘাতের এক নতুন ধাপে প্রবেশ করেছে।
আইজি মার্কেটের বিশিষ্ট বিশ্লেষক টনি সাইকামোর আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে জানান, বাজার যে আবারও বড় ধরনের উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে পড়ছে, তা স্পষ্ট।
তিনি আরও বলেন, তেলের এই অস্থিরতা ঠিক কতদিন অব্যাহত থাকবে তা নিশ্চিত করা কঠিন—এটি কয়েক দিন যেমন চলতে পারে, তেমনই কয়েক সপ্তাহজুড়েও বিস্তৃত হতে পারে।





