রাজনৈতিক টানাপোড়েনের প্রভাবে ভারত সিরিজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝে মুখ খুলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
ভারতের সঙ্গে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে তিনি জানিয়েছেন, সিরিজ বাতিল সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক মাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন, দুই দেশের ক্রিকেট বোর্ডই ইতিবাচক মনোভাব নিয়ে নতুন সময়সূচি বা উইন্ডো খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তামিম ইকবাল বলেন, “সিরিজ হবে না—এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। বিসিবি ও বিসিসিআই উভয় পক্ষই আন্তরিক। যদি নেতিবাচক কিছু থাকত, তবে আমি আজ এ কথাগুলো বলতাম না।”
তিনি আরও উল্লেখ করেন যে উভয় দলের ব্যস্ত সূচির মাঝেও সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।
একই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি নিয়েও কড়া বার্তা দিয়েছেন বিসিবি প্রধান।
তিনি জানান, তদন্ত সাপেক্ষে ইতিমধ্যে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে এবং আইনজীবীর চূড়ান্ত অনুমোদন পেলেই শিগগিরই আরও চার-পাঁচজন অভিযুক্তের নাম প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার অতীত সিদ্ধান্তটি সম্পর্কেও নিজের মতামত তুলে ধরেন তামিম।
তিনি মনে করেন, বিশ্বকাপ বর্জনের মতো বড় সিদ্ধান্ত আরও সতর্ক ও কূটনৈতিকভাবে সামলানো যেত।
রাজনীতিকে ক্রীড়াঙ্গন থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি ইরান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ম্যাচের উদাহরণ টেনে বলেন, খেলাধুলার নিরপেক্ষতা বজায় রাখা সব পক্ষের জন্যই জরুরি।






