ভাগ্য পরিবর্তনের আশায় প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশী শ্রমিক কর্মসংস্থানের জন্য বিদেশে যান।
তবে প্রয়োজনীয় দক্ষতার অভাবে আন্তর্জাতিক শ্রমবাজারে কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছেন না অনেকেই।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি ৩৯ লাখ বাংলাদেশী কর্মরত রয়েছেন।
গত ২০২৫ সালে বিদেশে যাওয়া ১১ লাখ ২৮ হাজার কর্মীর ৭৭ শতাংশই ছিলেন কম দক্ষ।
নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠানো সবসময় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
এই সংকট কাটাতে বিদেশি প্রশিক্ষক বা নিয়োগকর্তাদের সরাসরি বাংলাদেশে এনে যাচাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশি শ্রমিকদের জন্য বর্তমানে মধ্যপ্রাচ্যের বাজারে মেকানিক্যাল ও নির্মাণ খাতের চাহিদা সবচেয়ে বেশি।
ইউরোপের শ্রমবাজারে বৃদ্ধ ও রোগীদের সেবাদানকারী বা কেয়ারগিভার এবং কৃষিকাজে দক্ষ কর্মীদের বেশ সুযোগ রয়েছে।
জাপান ও দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে প্রবেশের জন্য কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত যোগ্যতাও অত্যন্ত জরুরি।
বৈদেশিক শ্রমবাজারের চাহিদা সঠিকভাবে বিশ্লেষণ করে প্রশিক্ষণ দিতে পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।



