সৌদি আরবে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি মো. সাদ্দাম হাওলাদার। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিও প্রকাশের পাশাপাশি ফেসবুক পোস্টের কমেন্টে দীর্ঘ একটি স্ট্যাটাসও দেন সাদ্দাম হাওলাদার। সেখানে তিনি বিএনপির সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের বিভিন্ন সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
সাদ্দাম হাওলাদার বর্তমানে আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জাতীয় উপ-নির্বাচন কমিটির সাবেক সদস্য ছিলেন। ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী হিসেবেও তার নাম উল্লেখ করেছেন তিনি।
নিজের পোস্টে সাদ্দাম জানান, তার পরিবারের প্রায় ৯০ শতাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও দীর্ঘ সময় ধরে দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তবে বর্তমানে সৌদি আরবে প্রবাসী হিসেবে অবস্থান করছেন তিনি। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় সাদ্দাম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার পক্ষে রাজনীতি করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, দলের প্রতি তার কোনো অভিযোগ নেই। বিএনপির প্রতি নিজের ভালোবাসা ও দলের আদর্শের প্রতি শ্রদ্ধার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।
সাদ্দাম বলেন, তিনি বড় কোনো রাজনীতিবিদ বা ত্যাগী নেতা নন। তার মতো অনেক নেতাকর্মীই দলের কাছে অবহেলিত বা গুরুত্বহীন হয়ে পড়েছেন বলে মনে করেন তিনি। এ অবস্থায় নিজের সম্মান বজায় রেখে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক জীবনের জন্য ক্ষমাও চান সাদ্দাম হাওলাদার। তিনি জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে পরিচিত বা অপরিচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে তাকে ক্ষমা করে দিতে।
সাদ্দাম আরও বলেন, এখন থেকে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না। তবে রাজনীতি থেকে সরে গেলেও মানুষের সেবা করার কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, রাজনীতি ছিল তার আবেগ এবং জনগণের সেবা করার একটি মাধ্যম। রাজনীতির মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করতে না পারলেও ভবিষ্যতে রাজনৈতিক পরিচয়ের বাইরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবেন তিনি।
সাদ্দামের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে হঠাৎ করে তার রাজনীতি ছাড়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, সাদ্দাম হাওলাদারের রাজনীতি ছাড়ার বিষয়টি তার জানা নেই। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন বলেও জানান তিনি।
বশির আহমেদ পান্না বলেন, কারও সঙ্গে বিরোধ বা কোনো ক্ষোভের কারণে সাদ্দাম এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না, সেটি খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, সাদ্দাম এখনো লিখিতভাবে কোনো পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, সেটিও নিশ্চিত নয়। তাই ফেসবুকে ভিডিও প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই না করে মন্তব্য করা সম্ভব নয়।


