বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব করা হয়েছে। তাকে আগামী ১৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ হাজির হতে অনুরোধ করা হয়েছে।
দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশ সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার দুদকের জনসংযোগ দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে।
নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে।
দুদক জানিয়েছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য এস এম শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা এবং গ্রহণ করা প্রয়োজন।
এই অনুসন্ধান পরিচালনা ও প্রতিবেদন তৈরির জন্য দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের নেতৃত্বে রয়েছেন দুদকের পরিচালক মো. আবুল হাসনাত।
দলের অন্য সদস্য হিসেবে রয়েছেন দুদকের উপ-পরিচালক মোজাম্মেল হোসেন।
নোটিশে নির্ধারিত দিনে দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক এই সেনাপ্রধানকে অনুরোধ জানানো হয়েছে।









