বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও উচ্চতায় নিতে আগ্রহী সরকার
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তোলেন মালয়েশিয়ার হাইকমিশনার। সফরটি সফল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়টি গুরুত্ব পায়। মালয়েশিয়ায় অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের বিষয়েও আলোচনা হয়েছে।
বাংলাদেশি প্রকৌশলীদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর সম্ভাবনাও উঠে আসে বৈঠকে।
এ ছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো এবং খেলাধুলার সামগ্রী উৎপাদনে যৌথ সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
বৈঠকে ইলেকট্রিক গাড়ি আমদানি, নির্মাণ খাত, হালাল ফুড এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনা করা হয়।
দীর্ঘদিনের বাংলাদেশ-মালয়েশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।








