পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে উৎপাদন বন্ধ রাখার জন্য কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গার্মেন্টস কারখানা বন্ধ করার উদ্দেশ্যে কেউ কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, সেগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, দেশের কিছু এলাকায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার সবকিছুর সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়ার সরাসরি সম্পর্ক নেই। বরং রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো কোনো মহল উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে বলে তিনি মনে করেন। এ ধরনের তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। কিছু দুষ্কৃতিকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরা এতে সন্তুষ্ট হয়েছেন। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট।
মজুরি নির্ধারণে আলোচনা চলবে বোর্ডে
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়টি আলোচনা করা হবে।
তিনি জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত মজুরি বোর্ডের মাধ্যমেই হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই। যারা গার্মেন্টস কারখানা বন্ধের চেষ্টা করছে কিংবা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহলের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলে পুনরায় সতর্ক করেন তিনি।









