সম্প্রতি এক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনার জবাবে সাদিকা পারভীন পপি দাবি করেছেন যে, চলচ্চিত্রকে ছোট করে বা পাপ আখ্যা দিয়ে তিনি কোনো কথা বলেননি।
তিনি স্পষ্ট করে জানান, তাঁর বক্তব্যকে ভুলভাবে ও ভিন্ন প্রসঙ্গে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় অভিনেত্রী পপি বলেন, “আমি সিনেমাকে কখনো পাপ বলিনি, এটি আমার পেশা ছিল। চলচ্চিত্র থেকে উপার্জিত অর্থেই আমার সংসার ও পরিবার চলেছে।”
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, পরিবারের জন্য নিজেকে উজার করে দেওয়া এবং কিছু অকৃতজ্ঞ মানুষকে লালনপালন করাকেই তিনি আক্ষেপের বশে ‘পাপ’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।
পপির ভাষায়, পরিবারের প্রতি সেই জমে থাকা ক্ষোভের কথাটি উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে তাঁকে অপমান করার জন্য নেট দুনিয়ায় ভাইরাল করা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, চলচ্চিত্র তাঁর কাছে একটি অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার জায়গা, যা থেকে প্রাপ্ত অবদান ও সম্মান তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না।
দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রির মানুষের থেকে পাওয়া ভালোবাসার কথা স্মরণ করে তিনি অযাচিত কটাক্ষ ও অপপ্রচার বন্ধের অনুরোধ জানান।
বর্তমানে সংসার ও নিয়মিত ধর্মকর্ম পালনে ব্যস্ত থাকা এই অভিনেত্রী ভক্ত ও সহকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ভুল ব্যাখ্যা শুনে তাঁকে যেন কেউ ভুল না বোঝেন।



