GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থনীতি ও বাণিজ্য / অর্থনীতি / স্বর্ণের দামে বড় ধাক্কা, প্রতি আউন্স ৪ হাজার ৪৩৭ ডলারে

স্বর্ণের দামে বড় ধাক্কা, প্রতি আউন্স ৪ হাজার ৪৩৭ ডলারে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। মার্কিন সুদের হার বাড়ার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মূল্যবান এই ধাতুটির বাজারে চাপ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৭.১০ ডলারে নেমে আসে। আগের সেশনেও স্বর্ণের দাম ১৯ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৫.৩০ ডলারে উঠেছে।

স্বর্ণের দামে পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ সম্প্রতি জ্যাকসন হোলে দেওয়া বক্তব্যে মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যে ফেরার বিষয়ে পর্যাপ্ত আত্মবিশ্বাস না এলে ফেডকে আরও পদক্ষেপ নিতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

এর পর গত শুক্রবার স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে যায়

সুদের হার বাড়লে স্বর্ণে চাপ

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে বাড়ার সম্ভাবনা ৮৯ শতাংশ হিসেবে দেখছেন।

সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদ পাওয়া যায় এমন সম্পদ বিনিয়োগকারীদের কাছে তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাও বাড়াচ্ছে অস্থিরতা

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের আশঙ্কা বিশ্ববাজারে অস্থিরতা আরও বাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়েছেন। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও।

তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯১ ডলারের ওপরে উঠেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির আশঙ্কাও বাড়তে পারে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর পথে গেলে স্বর্ণের ওপর আরও চাপ তৈরি হতে পারে

অন্যান্য মূল্যবান ধাতুর দাম

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পরিবর্তন দেখা গেছে।

স্পট রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে ৬৬.৩৪ ডলারে উঠেছে।

প্লাটিনামের দাম ০.১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯৩.০৩ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৫৬.৭৫ ডলারে রয়েছে।

সূত্র: রয়টার্স

Social Icons