গার্মেন্টস শিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজের বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মজুরি বোর্ড গঠনের এ সিদ্ধান্তের কথা জানান।
এ সময় শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ানোর বিষয়েও আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন বৃদ্ধি না পায়, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, শুক্রবার শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে নাম জানানো হবে।
তিনি আরও জানান, মজুরি বোর্ড গঠনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।









