জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে কওমি ছাত্র ঐক্য।
সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছেন, বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করা হলে শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহত করা হবে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন কওমি ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা এনসিপি ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিদের দোষারোপের পুরোনো সংস্কৃতির পুনরাবৃত্তি তারা চান না।
তাদের দাবি, পতিত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ঘটনার জন্য যেভাবে আলেম-উলামাদের দায়ী করা হতো, সেই ধরনের পরিস্থিতি আবার তৈরি হওয়া উচিত নয়।
বক্তারা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে উচ্চ শব্দে গান-বাজনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার কথাও উল্লেখ করেন।
তাদের ভাষ্য, এ ঘটনায় মিথ্যাচার যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি নৌকাবাইচ বন্ধের ঘটনায় জাতীয় সংসদে ‘তৌহিদি জনতা’র ওপর দায় চাপানোও অনাকাঙ্ক্ষিত।
বিক্ষোভকারীদের দাবি, নৌকাবাইচ বন্ধ হওয়ার পেছনে এলাকার কৃষকদের জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা ছিল।
কিন্তু বিষয়টি আলেম-উলামা ও তৌহিদি জনতার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
তবে হাসনাত আব্দুল্লাহকে শত্রু হিসেবে দেখেন না বলেও জানান সংগঠনটির নেতারা।
তারা বলেন, জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের মধ্যে কোনো বিভেদ বা সংঘাত তারা চান না।
তাদের ভাষ্য, জুলাইয়ের শক্তির মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে চান তারা।
তবে ‘তৌহিদি জনতা’ ও আলেম-উলামাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়ে থাকলে হাসনাত আব্দুল্লাহকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।
সংগঠনটির নেতারা আরও বলেন, ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপ করার পুরোনো কোনো সংস্কৃতির সঙ্গে তারা আপস করবেন না।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, রাতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে।
এরপর থেকে শহরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে শনিবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে।
এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।








