GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আজকের খবর / আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে তরুণীকে নিয়ে ভাইরাল ভিডিওর রহস্য উদঘাটন

আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে তরুণীকে নিয়ে ভাইরাল ভিডিওর রহস্য উদঘাটন

আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে তরুণীকে নিয়ে ভাইরাল

আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে তরুণীকে নিয়ে ভাইরাল ভিডিওর রহস্যের একটি অংশের ব্যাখ্যা মিলেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছেন, মদ পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে সাহায্য করতে এগিয়ে আসেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তরুণী।

মদ পান করেছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাওয়ায় দেয় নাই। ওই লোকগুলো আসছে আমাকে সাহায্য করতে।’

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তরুণীকে তার বোনের জিম্মায় দেওয়া হয়েছে। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন ওই তরুণী। একপর্যায়ে তিনি বাসা থেকে বের হয়ে মদ পান করেন।

পরে মদ্যপ অবস্থায় তিনি ওই দুই তরুণের সঙ্গে যান বলে জানান পুলিশ কর্মকর্তা।

তরুণী জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে বাসা থেকে বের হয়ে একটি বারে যান। সেখানে অতিরিক্ত মদ পান করায় অসুস্থ হয়ে পড়েন।

তার ভাষ্য, পরে পরিচিত এক ব্যক্তিকে ফোন করে তাকে এক বান্ধবীর বাসায় পৌঁছে দিতে বলেন।

মোটরসাইকেলে ওঠার সময় পর্যন্ত তার জ্ঞান ছিল বলে জানান তরুণী। তবে মাঝপথে তিনি অচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, ‘আমি যখন গাড়িতে উঠি, আমাকে যে গাড়িতে উঠানো হচ্ছে, এ পর্যন্ত আমার সেন্স ছিল। তারপর আমার সেন্স ছিল না।’

তরুণীর দাবি, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির একজন তার পরিচিত। তাকে তিনি ‘কাকা’ বলে ডাকেন। গান গাওয়ার সূত্রে ওই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল।

তিনি জানান, অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তিকে ফোন করেছিলেন। পরে তিনি এসে তাকে নিয়ে যান। তবে মোটরসাইকেলের পেছনে থাকা অপর ব্যক্তিকে তিনি ভালোভাবে চেনেন না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। একাধিক বিয়ের দাবিও করা হয়েছে। তবে এসব তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তিনি।

তরুণীর অভিযোগ, তার সাবেক স্বামী শাহরিয়ার এসব তথ্য ছড়াচ্ছেন।

তিনি বলেন, ‘আমি এখন একটা ট্রাপে পড়ে গেছি। আমার যে সেকেন্ড হাসবেন্ড, উনি এই জিনিসগুলো ছড়াচ্ছেন, এগুলো সত্য না।’

একাধিক বিয়ের দাবির বিষয়ে তিনি বলেন, ‘আমার ৫-৬টা বিয়ে হয়নি। এরকম যদি হয়, তাহলে এগুলো এমনিতেই সামনে চলে আসবে।’

ঘটনাটি সামনে আসে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে। মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন।

ছবিতে একটি মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে দেখা যায়। তার পা নিচের দিকে ঝুলছিল। তাকে অনেকটা নিস্তেজ দেখাচ্ছিল।

ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ তরুণীকে মৃত বা গুরুতর অসুস্থ বলে ধারণা করেন।

বিষয়টি পুলিশের নজরেও আসে। পরে তদন্ত শুরু করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেলটির গতিপথ শনাক্ত করে। দেখা যায়, মোটরসাইকেলটি গাজীপুরের গাছা থানার দিকে চলে যায়।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটির নম্বরও শনাক্ত করা হয়েছে। ওই নম্বরের সূত্র ধরে মালিক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

পুলিশ বলছে, তরুণীর বক্তব্যে ভাইরাল ভিডিওর একটি অংশের ব্যাখ্যা পাওয়া গেছে। তবে পুরো ঘটনা এখনো পরিষ্কার নয়।

মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Tagged:

Social Icons