শাকিব খানকে ঘিরে একসময় বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। শাকিবের সঙ্গে বিয়ে নিয়ে তার বিভিন্ন মন্তব্যের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল। তবে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নিজের বিয়ের খবর প্রকাশ্যে জানিয়েছেন মিষ্টি জান্নাত।
সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করে বিয়ের খবর জানান এই অভিনেত্রী। পরে গণমাধ্যমের কাছেও বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তবে মিষ্টি জান্নাতের স্বামী শাকিব খান নন। তার স্বামী একজন ব্যবসায়ী, যিনি মিডিয়ার সঙ্গেও কিছুটা সম্পৃক্ত বলে জানিয়েছেন অভিনেত্রী।
স্বামীর নাম, ছবি কিংবা বিস্তারিত পরিচয় অবশ্য এখনই প্রকাশ করতে চাননি মিষ্টি। বিয়ে কবে এবং কোথায় হয়েছে, এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি তিনি। শুধু জানিয়েছেন, বাংলাদেশেই তাদের বিয়ে হয়েছে।
তাদের বিয়ে প্রেমের নাকি পারিবারিকভাবে হয়েছে, সেই প্রশ্নে অবশ্য কোনো রহস্য রাখেননি মিষ্টি জান্নাত। তিনি জানিয়েছেন, ভালোবাসার সম্পর্ক থেকেই তাদের বিয়ে হয়েছে।
তবে কবে থেকে তাদের প্রেমের সম্পর্ক এবং ঠিক কবে বিয়ে করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তার ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।
স্বামীকে কি সারাজীবন আড়ালে রাখবেন—এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত জানান, এমন কোনো পরিকল্পনা তার নেই। সময় হলেই স্বামীকে সবার সামনে আনবেন তিনি। এমনকি ভবিষ্যতে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও মজা করে জানিয়েছেন অভিনেত্রী।
মিষ্টি আরও জানিয়েছেন, তাদের বিয়ে হুট করে হয়নি। বেশ আগেই বিয়ে করেছেন তারা। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।
বিয়ের খবর প্রকাশ্যে আনার কারণও জানিয়েছেন মিষ্টি। তার দাবি, প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন মানুষের নানা ধরনের আচরণে তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, আবার কেউ বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন। এমনকি সরাসরি প্রেমের প্রস্তাবও পেতেন তিনি।
একপর্যায়ে এসব ঘটনায় বিরক্ত হয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মিষ্টি জান্নাত। তার মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়।
তবে বিয়ে করলেও এখনো পুরোপুরি সংসারী জীবনে ঢুকে পড়েননি এই অভিনেত্রী। মিষ্টি জান্নাতের ভাষ্য, বিয়ে হলেও তাদের বিবাহিত জীবন এখনো পুরোপুরি শুরু হয়নি। আপাতত নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তিনি।
ফলে মিষ্টি জান্নাতের বিয়ের খবর প্রকাশ্যে এলেও তার স্বামীর পরিচয়, তাদের প্রেমের শুরু এবং ঠিক কবে বিয়ে হয়েছে—এই তিন বিষয় এখনো রহস্যই রেখে দিয়েছেন অভিনেত্রী।




