GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / জাতীয় সংসদ / দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: সংসদে জানালেন অর্থমন্ত্রী

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা: সংসদে জানালেন অর্থমন্ত্রী

চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সংসদ সদস্য রেজা আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, জনগণের ওপর মাথাপিছু ঋণের বোঝা কমাতে সরকার রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার ওপর জোর দিচ্ছে।

এ লক্ষ্যে রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ও কর-বহির্ভূত রাজস্ব বাড়ানোর পাশাপাশি সরকারের নিজস্ব আয় বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর মাধ্যমে ঋণের প্রয়োজনীয়তা কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

সরকারি ব্যয় আরও সাশ্রয়ী ও কার্যকর করার উদ্যোগও নেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় ও কম অগ্রাধিকারপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণ করা হবে।

অর্থমন্ত্রী জানান, সরকারি ঋণের সুদের হার ও পুনর্বিত্তায়নের ঝুঁকি কমাতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ জন্য বাজারভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ ঋণ সম্প্রসারণের নীতি অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে সরকারি সিকিউরিটিজ বাজারকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ ঋণের বাজার সংস্কার এবং বিনিয়োগকারীর ভিত্তি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ করা হচ্ছে। সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার হার বাজার পরিস্থিতি ও প্রচলিত সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে উচ্চ ঋণের ওপর নির্ভরতা কমবে। সরকারের সামগ্রিক সুদ ব্যয়ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

একই সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ ঋণ পোর্টফোলিও তৈরির সুযোগ হবে বলে জানান মন্ত্রী।

অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ গ্রহণ এড়াতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য ‘বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা’ প্রণয়ন ও তা অনুসরণের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Social Icons