ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সে দেশের সরকার ফেরত পাঠালে আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে পরে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে থেকে কী বলছে, এটা বিবেচ্য বিষয় নয়।’
তিনি জানান, শেখ হাসিনাসহ তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলে জানান তিনি।
এদিকে মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এই প্রতিরক্ষামূলক সামরিক জোটে বাংলাদেশ যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সরকার যেকোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দেবে। ওই জোট দেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট কি না এবং এতে দেশের উপকার হবে কি না, তা বিবেচনা করেই মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শামা ওবায়েদ বলেন, ‘সেই সময় হলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কথা বলবে।’
মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা
