ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় সংসদে প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতালি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের উদ্যোগ জানতে চেয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রতিবাদ জানান।
সংসদের বৈঠক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয়। এ সময় ডেপুটি স্পিকার ঘটনাটিকে অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেন।
জহরত আদিব চৌধুরী বলেন, বিষয়টি হয়তো পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত নয়, তবে এটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়ায় সংসদের বিশেষ ক্ষমতাবলে তা তুলে ধরার সুযোগ চান তিনি।
তিনি জানান, বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন চলচ্চিত্রসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে ইতালির ভেনিসে গিয়েছিলেন। সেখানে পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে একটি পার্কে হাঁটার সময় তাকে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তা করা হয়।
সংসদ সদস্য বলেন, বাঁধনের ওপর হামলার কারণ হিসেবে তাকে একজন ‘জুলাই যোদ্ধা’ এবং জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, একজন নারী ও দেশের পক্ষে অবস্থান নেওয়া একজন শিল্পীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের যে আচরণ দেখিয়েছে, তা উদ্বেগজনক।
জহরত আদিব চৌধুরী বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে এবং ইতালি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চান তিনি।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো মন্ত্রী তখন সংসদে উপস্থিত ছিলেন না। পরে তাদের কাছ থেকে এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হবে।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এটা অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ। অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।”
তিনি জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের একজন বা দুজন সংসদে উপস্থিত হলে এ বিষয়ে তাদের বক্তব্য শোনা হবে। ডেপুটি স্পিকার বলেন, “এই সংসদ জানতে চায়, এই জাতি জানতে চায়।”
