র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিধান রেখে সংশোধিত বিল জাতীয় সংসদে তোলার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়লুন আবেদীন এমপি।
বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) বিল, ২০২৬’-এর বিভিন্ন ধারা ও উপধারা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর প্রয়োজনীয় সংশোধনী এনে বিলটি জাতীয় সংসদে উপস্থাপনের বিষয়ে সদস্যরা একমত হন।
বৈঠকে অতীতের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে অপব্যবহার করা হয়েছে।
তবে কমিটির সদস্যরা মত দেন, কোনো বাহিনীর অপব্যবহারের কারণে পুরো বাহিনী বিলুপ্ত করাই একমাত্র সমাধান নয়। বরং বিদ্যমান বাহিনীর দক্ষ জনবল, অবকাঠামো ও সরঞ্জাম দেশের স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
নতুন বা পুনর্গঠিত বাহিনীর ক্ষেত্রে সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, সাম্প্রতিক সময়ে বিরোধী দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার জন্য বৈঠকে তাদের ধন্যবাদ জানানো হয়।
শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সংসদ ভবনের এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
