উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধ ও ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি ঠেকাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো এবং প্রকল্প গ্রহণের আগে নিরীক্ষা জোরদার করাসহ বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, কিছু কিছু মেগা প্রকল্পে দুর্নীতির তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রকাশিত দুর্নীতির শ্বেতপত্রের নিরীক্ষা নিয়েও বর্তমান সরকার কাজ করছে।
গ্যাস কূপ খননের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১৫০টি গ্যাস কূপ খনন করবে সরকার।
তিনি আরও বলেন, ভোলার গ্যাস পাইপলাইন থেকে মেইন লাইনে গ্যাস আনতে সাত বছর সময় লাগবে। অর্থনীতির আকার বাড়াতে ভোলায় কারখানা করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের মাধ্যমে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করার লক্ষ্য রয়েছে সরকারের।
