GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / খেলা / পাকিস্তান ক্রিকেটকে বাঁচানো সম্ভব নয়: ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেটকে বাঁচানো সম্ভব নয়: ওয়াসিম আকরাম

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সে অবাক হননি দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এজবাস্টনে সিরিজের শেষ টেস্ট শুরুর আগে ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সিরিজ শুরুর আগেই পাকিস্তানের ৩-০ ব্যবধানে হারার আশঙ্কা করেছিলেন।

আকরামের মতে, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ সংগ্রাম করছে, বোলিংয়ের মান গড়পড়তা এবং ফিল্ডিং আরও খারাপ। তার ভাষায়, এসব কোনো ‘রকেট সায়েন্স’ নয়। বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেটের সংকট নিয়ে একক কোনো ব্যক্তির পক্ষে কিছু করা সম্ভব নয় বলেও মনে করেন আকরাম। তিনি বলেন, তাকে প্রায়ই প্রশ্ন করা হয়, ‘পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে আপনি কি কিছু করতে পারেন না?’ কিন্তু তার মতে, সমস্যাগুলো অনেক গভীরে।

আকরাম বলেন, বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দেরই যেন দেশের সেরা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর বাইরে আর কেউ নেই। একই সঙ্গে তিনি নিচের স্তরের ক্রিকেটে কার্যকর সিস্টেমের অভাব নিয়েও প্রশ্ন তোলেন।

তার মতে, গত কয়েক বছর ধরে পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের অবকাঠামো সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে। সেখানে কোনো ধারাবাহিকতাও নেই।

বোর্ডের হঠকারী সিদ্ধান্ত এবং সমর্থকদের ধৈর্যচ্যুতি নিয়েও কথা বলেন সাবেক এই পেসার। তিনি বলেন, বোর্ডের অস্থিরতা শেষ পর্যন্ত ভক্তদের মধ্যেও ছড়িয়ে পড়ে। দল হারলেই তারা সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে চায়।

আকরাম বলেন, অতীতে পাকিস্তান ক্রিকেটে এমনটা বহুবার করা হয়েছে এবং এখন আসলে আর কিছুই অবশিষ্ট নেই।

চলমান সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে আছে। এরই মধ্যে পাকিস্তান দল বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এমন পরিস্থিতিতে ওয়াসিম আকরামের মন্তব্য দেশটির ক্রিকেটের চলমান সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।

আকরামের মতে, ভেঙে পড়া এই কাঠামো একক কোনো ব্যক্তির চেষ্টায় ঠিক করা সম্ভব নয়।

Social Icons