GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / নবায়নযোগ্য জ্বালানি খাতের নতুন কৌশলপত্র সংসদে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি খাতের নতুন কৌশলপত্র সংসদে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ ২০২৬-২০৩০ প্রণয়ন করেছে সরকার। এর আওতায় ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এই পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার অংশ হিসেবে বাসাবাড়ি, শিল্পকারখানা ও সরকারি ভবনের ছাদ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং বড় আকারের ভূমিভিত্তিক সৌর প্রকল্প থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সংস্থান রাখা হয়েছে।

এ ছাড়া উইন্ড, বায়োমাস, হাইড্রোসহ অন্যান্য আধুনিক নবায়নযোগ্য উৎস থেকে আরও ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, বিশেষায়িত ব্যাটারি ও স্ট্রাকচার আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশের অতিরিক্ত অগ্রিম আয়কর সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের গ্রাহকদের জন্যও বিশেষ প্রণোদনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১ সেপ্টেম্বর ২০২৬-এর সিদ্ধান্ত অনুযায়ী ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় প্রতি ইউনিটে সর্বোচ্চ ৮ টাকা ধরা হয়েছে।

এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়ামসহ জাতীয় গ্রিডে প্রতি ইউনিট সৌরবিদ্যুৎ কেনার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা

প্রধানমন্ত্রী জানান, যেসব গ্রাহক ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তারা উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবেন।

এ ক্ষেত্রে তারা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত টানা তিন বছর নির্ধারিত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরের সুবিধা পাবেন।

Social Icons