রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝটিকা পরিদর্শনে গিয়ে হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বেশ কিছু অনিয়ম তার নজরে আসে।
পরিদর্শনকালে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি। তারা অভিযোগ করেন, প্রয়োজনের সময় ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও জানান তারা।
অভিযোগ শুনে রোগীদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
তিনি আরও জানান, আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।
