GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / নতুন পরিচয়ে হানিয়া আমির, নিজের লেখা-সুরে প্রকাশ করলেন প্রথম গান

নতুন পরিচয়ে হানিয়া আমির, নিজের লেখা-সুরে প্রকাশ করলেন প্রথম গান

নতুন পরিচয়ে হানিয়া আমির, নিজের লেখা-সুরে প্রকাশ করলেন প্রথম গান

অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সংগীত জগতে নতুন রূপে হাজির হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নিজের লেখা ও সুরে প্রথম গান ‘পাবলো’ প্রকাশ করে সংগীতাঙ্গনে অভিষেক হয়েছে তার। গানটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও তাকে ঘিরে নানা মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) হানিয়ার প্রথম গান ‘পাবলো’ প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের প্রতিভার জানান দিলেন পাকিস্তানের এই জনপ্রিয় তারকা। খবর জিও নিউজের।

নিজের লেখা ও সুরে প্রথম গান

হানিয়ার ‘পাবলো’ গানটি পাঞ্জাবি র‍্যাপধর্মী। গানটির কথা ও সুর নিজেই করেছেন তিনি। এতে মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হওয়া সমালোচনা এবং সাধারণ মানুষের নানা মন্তব্যের জবাব দিয়েছেন হানিয়া।

গানটিতে তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করা ব্যক্তিদের প্রসঙ্গও উঠে এসেছে। পাশাপাশি নিজের বিপুলসংখ্যক ভক্তের কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। যারা তাকে অনুসরণ করেন এবং বিভিন্ন জায়গায় তার পিছু নেন।

গানের মাধ্যমে সমালোচকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত নন, বরং সমালোচকদের কথাকে গুরুত্ব না দেওয়ার বার্তাই ফুটে উঠেছে তার গানের কথায়।

হানিয়ার পাশে রাখি সাওয়ান্ত

হানিয়ার প্রথম গানে চমক হিসেবে দেখা গেছে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকেও। হানিয়ার উদ্দেশে রাখি বলেন, ‘হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?’

এরপর হানিয়াকে কোনো ধরনের দুশ্চিন্তা না করার পরামর্শ দেন রাখি। তিনি হানিয়াকে স্বর্গের কন্যার সঙ্গে তুলনা করে তার সৌন্দর্যের প্রশংসাও করেন।

যারা হানিয়ার সৌন্দর্যে ঈর্ষান্বিত, তাদের কথায় কান না দেওয়ার পরামর্শ দেন রাখি। একই সঙ্গে হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করার বার্তাও দেন তিনি।

সামাজিক মাধ্যমে আলোচনায় নতুন গান

হানিয়ার প্রথম গানে রাখি সাওয়ান্তের উপস্থিতিকে সামাজিক মাধ্যমে অনেকেই ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে দেখছেন। অভিনয়ের বাইরে সংগীতে হানিয়ার নতুন যাত্রা এরই মধ্যে ভক্ত ও অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

প্রথম গানেই নিজের সমালোচকদের উদ্দেশে সরাসরি বার্তা এবং রাখি সাওয়ান্তের উপস্থিতির কারণে ‘পাবলো’ নিয়ে সামাজিক মাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে।

Social Icons