রাজস্থানের পৌরসভা নির্বাচনে ভিন্ন ভিন্ন ওয়ার্ডে বিজেপি ও কংগ্রেসের দুই প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। আর আরএলপি প্রার্থী নিজের ভোটও পাননি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পৌরসভা নির্বাচনের ফল প্রকাশ করা হয়। খবর ইন্ডিয়া টুডের।
দিদওয়ানা-কুচামান জেলার পারবতসর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৈলাশচাঁদ মাত্র ১ ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী হিনা খানম ৩৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী রশিদ খান পেয়েছেন ১৯৫ ভোট।
কৈলাশচাঁদ জানান, ১৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে প্রার্থী করা হলেও ভোটার হিসেবে তার নাম রয়েছে পাশের ১২ নম্বর ওয়ার্ডে।
তিনি পিটিআইকে বলেন, ‘আমি একটি ভোট পেয়েছি। আমার ভোট ১২ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কেউ আমার পক্ষে ভোট দিয়েছেন।’
পারবতসরের মোট ২৫টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ১৩টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাকি ১২টি ওয়ার্ডে বিজেপি জয় পেয়েছে।
এদিকে নাগৌর জেলার রিয়ানবাড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মাজিদ মোহাম্মদও মাত্র ১ ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুনীল কুমার চৌহান জয়ী হয়েছেন। আরএলপির প্রার্থী গজেন্দ্র দ্বিতীয় হয়েছেন।


