GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / ভিজিএফ চালের প্রলোভনে কুপ্রস্তাবের অভিযোগ: দুমকিতে আটক টানা ৬ বারের ইউপি সদস্য

ভিজিএফ চালের প্রলোভনে কুপ্রস্তাবের অভিযোগ: দুমকিতে আটক টানা ৬ বারের ইউপি সদস্য

পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বারেককে এক তরুণীকে উত্ত্যক্ত ও রাতে বসতঘরের পেছনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার দক্ষিণ পাংগাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ঘটনার পর শিকল পরা অবস্থায় অভিযুক্ত ইউপি সদস্য বারেকের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক আলোচনা ও আলোড়নের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, টানা ছয়বার নির্বাচিত ইউপি সদস্য বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির তরুণী মেয়ে আয়েশাকে সরকারি ভিজিএফের চাল ও নানা অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক কুপ্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলেন।

ঘটনার রাতে ওই তরুণীকে বাড়ির পেছনে ডেকে নিয়ে তিনি গোপন স্থানে অবস্থান করছিলেন বলে অভিযোগ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, বসতঘরের বাথরুমের পাশে হঠাৎ সন্দেহজনক শব্দ শুনে টর্চলাইট জ্বালিয়ে তাকালে বারেক দ্রুত পালানোর চেষ্টা করেন; এ সময় দৌড়াতে গিয়ে টিনের বেড়া ও গর্তে পড়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় তাকে ধরে বসতঘরে আটকে রাখা হয়।

খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন নিশ্চিত করেছেন যে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত ইউপি সদস্যকে পুলিশি হেফাজতে রেখে পরবর্তী আইনগত পদক্ষেপ হিসেবে আদালতে পাঠানো হচ্ছে।

Social Icons