GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / জেদ্দা, মক্কা ও তাইফে জরুরি সতর্কতা জারি

জেদ্দা, মক্কা ও তাইফে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা, মক্কা ও তাইফে ‘সম্ভাব্য বিপদের’ বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এই সতর্কতায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কতা জারি করা হয়েছে। তবে সম্ভাব্য বিপদের ধরন সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

বাসিন্দাদের শান্ত থাকতে এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে, বিশেষ করে জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সিভিল ডিফেন্স খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ ভবনে প্রবেশ করতে অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।

সতর্কতা পাওয়া গাড়িচালকদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামাতে বলা হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে জমায়েত ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার মধ্যেই এই সতর্কতা জারি করা হলো। হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে সৌদি বাহিনী ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Social Icons