GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি / অবৈধ ফোন বন্ধে নতুন সিদ্ধান্ত, ২০২৭ সালের ১ জানুয়ারি চালু হচ্ছে এনইআইআর

অবৈধ ফোন বন্ধে নতুন সিদ্ধান্ত, ২০২৭ সালের ১ জানুয়ারি চালু হচ্ছে এনইআইআর

বাংলাদেশে অবৈধ ও চোরাই হ্যান্ডসেট শনাক্ত করে বন্ধ করার লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর নতুন তারিখ নির্ধারণ করেছে বিটিআরসি। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটি চালুর কথা রয়েছে।

এনইআইআর মোবাইল ফোনের আইএমইআই নম্বর যাচাইয়ের মাধ্যমে কোন হ্যান্ডসেট বৈধ আর কোনটি অবৈধ, তা শনাক্ত করতে সাহায্য করবে। ফলে অবৈধভাবে আমদানি করা বা শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ফোনের ব্যবহার ও বিক্রি বন্ধ করার সুযোগ থাকবে।

বিটিআরসি জানিয়েছে, প্রথম ধাপে বর্তমানে মোবাইল নেটওয়ার্কে চালু থাকা হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে নিবন্ধিত হবে। আমদানিকারকেরাও আগে আমদানি করা কিন্তু এখনো বিক্রি না হওয়া এবং গুদামে থাকা ফোনের আইএমইআইসহ প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন।

নতুন ব্যবস্থাটি দুই ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল ব্যবস্থার প্রায় সব সুবিধা থাকবে। তবে হ্যান্ডসেটের মালিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ডি-রেজিস্ট্রেশন সুবিধা তখন চালু হবে না।

পরবর্তী ধাপে সরকারের অনুমোদন নিয়ে ডি-রেজিস্ট্রেশন চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে একটি ফোনের মালিকানা এক ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর কাছে পরিবর্তনের তথ্যও সংরক্ষণ করা যাবে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিটিআরসির সভার কার্যবিবরণী অনুযায়ী প্রথম ধাপে ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করার সুবিধা থাকবে না।

২০২১ সালে পরীক্ষামূলকভাবে এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার হ্যান্ডসেট ট্র্যাকিং ব্যবস্থাটি পূর্ণাঙ্গভাবে চালু করতে বিটিআরসির এটি তৃতীয় প্রচেষ্টা।

Social Icons