ঢালিউড অভিনেত্রী পরীমনি কাশবনে গিয়ে শরতের সৌন্দর্য উপভোগ করতে পারেননি। সেই আক্ষেপই এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। কাশবনে যেতে না পারলেও হুমায়ূন আহমেদের ‘তন্দ্রাবিলাস’ হাতে নিয়ে ঘরেই শরতের আবহ খুঁজে নিয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় পরীমনি। নিজের নানা অনুভূতি ও দৈনন্দিন জীবনের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোতে নীল রঙের শাড়িতে দেখা যায় তাকে। চুল ছিল পরিপাটি করে বাঁধা। মুখে ছিল মৃদু হাসি।
ছবিগুলোতে পরীমনির হাতে দেখা যায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘তন্দ্রাবিলাস’ বই। কখনো বইটি হাতে নিয়ে, আবার কখনো এর পাতা উল্টাতে দেখা যায় তাকে।
ছবিগুলো প্রকাশের পর তার ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। বিশেষ করে নীল শাড়িতে পরীমনির সাজ ও শান্ত অভিব্যক্তি নজর কেড়েছে তাদের।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে কাশবনে যেতে না পারার আক্ষেপের কথা জানান পরীমনি। তিনি লেখেন, ‘না হলো যাওয়া আর কাশবনে না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’
অভিনয়ের ব্যস্ততার বাইরে বই হাতে পরীমনির এমন ছবি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








