পর্দায় আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে ফিরছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ২০২৩ সালে বক্স অফিসে সাড়া জাগানো ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
তবে মুক্তির আগেই সিনেমাটিকে ঘিরে আলোচনার জন্ম দিয়েছে এর দৈর্ঘ্য। বর্তমানে ‘জেলার ২’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৫ মিনিট বা ১৬৫ মিনিট। কিন্তু সিনেমাটির প্রাথমিক সংস্করণ ছিল এর চেয়ে অনেক দীর্ঘ।
সিঙ্গাপুরভিত্তিক মুভিজ সিঙ্গাপুরের একটি প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, ‘জেলার ২’-এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল ৪ ঘণ্টা ২৫ মিনিট বা ২৬৫ মিনিট। অর্থাৎ চূড়ান্ত সংস্করণে ১০০ মিনিটেরও বেশি ফুটেজ বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, মূল গল্প থেকে সিনেমাটি যাতে বিচ্যুত না হয়, সে কারণেই বড় পরিসরে সম্পাদনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সিনেমাটিতে অবসরপ্রাপ্ত কারারক্ষী ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে আবারও অভিনয় করছেন রজনীকান্ত। অতীতের সহিংস জীবন থেকে দূরে থেকে শান্তিতে থাকার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু একটি বিপজ্জনক সাম্রাজ্য তার পরিবার ও উত্তরাধিকারের জন্য হুমকি হয়ে উঠলে তাকে আবারও পুরোনো জীবনে ফিরতে হয়।
রজনীকান্তের সঙ্গে প্রথম সিনেমার রাম্যা কৃষ্ণন, যোগী বাবু, জ্যাকি শ্রফ ও মির্নাও ফিরছেন। নতুন চরিত্রে থাকছেন এস জে সূর্য, সুরজ, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীর মতো তারকারা।
এ ছাড়া মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশনকে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বলেও জানা গেছে।
মুক্তির আগে সান নেক্সটে ‘জেলার ২’-এর প্রি-রিলিজ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছে।







