বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের পথে। দেশের পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও এটি পুরোপুরি সরে যেতে পারে। তবে বর্ষা বিদায়ের এই সময়েও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবারের পূর্বাভাস
১০ অক্টোবর সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার থেকে কমবে বৃষ্টি
১১ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবারও কয়েক বিভাগে বৃষ্টি
১২ অক্টোবর সকাল ৯টা থেকে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।









