খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় একান্ত সহকারী সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন আবদুল আওয়াল। এ সফরের জন্য ৮ অক্টোবর একটি সরকারি সফরসূচি জারি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে প্রকাশিত ওই সূচিতে ঢাকার মোহাম্মদপুরে এপিএসের বাসা থেকে যাত্রা শুরু এবং পরিদর্শন শেষে সেখানে ফেরার বিষয়টি উল্লেখ ছিল।
সফরের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নোটিশের অনুলিপি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। পরিবহণের ব্যবস্থা করতে অনুলিপি দেওয়া হয় অধিদপ্তরের পরিবহণ পুলের পরিচালককেও। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ ধরনের সফর সরকারি রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
মন্ত্রীর নির্দেশে নেওয়া হয় ব্যবস্থা
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এপিএসের সফর সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বিষয়টি জানার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন। ১২ অক্টোবর আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে পাঠান মন্ত্রী। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীর অগোচরে এভাবে সরকারি সফরসূচি তৈরি করে পরিদর্শনে যাওয়ার সুযোগ নেই। এ কারণে আবদুল আওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে যা বললেন এপিএস
আবদুল আওয়াল বুলবুলের বক্তব্য জানতে যুগান্তরের পক্ষ থেকে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলে তিনি ফিরতি বার্তায় নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলেন।
তিনি দাবি করেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তার ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল অন্যায়ভাবে সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধও জানান তিনি।
খাদ্যমন্ত্রীর বক্তব্য
এ বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তাকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় তিনি বিব্রত। এ কারণেই আবদুল আওয়াল বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।









