GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / রাজনীতি / এনসিপির নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ আজ

এনসিপির নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে নতুন এই সংগঠন।

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সংগঠনটির সদস্য সচিব হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, সংগঠনটিতে সাবেক খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া সংগঠককেও যুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও সময়ের সঙ্গে সংগঠনের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এম নাজমুল ইসলাম বলেন, এনসিপির ক্রীড়া উইং হিসেবে সংগঠনটির কার্যক্রম শুরু হচ্ছে। নাজমুল আবেদীন ফাহিম আহ্বায়ক এবং তিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাবেক খেলোয়াড় ও অন্যান্য ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে।

সংগঠনটির কাজের পরিধি সম্পর্কে তিনি জানান, শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলার উন্নয়ন নিয়ে কাজ করবেন তারা। ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা ও ভুলত্রুটি চিহ্নিত করে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হবে। প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনাও করবেন তারা।

ভবিষ্যতে অর্থায়নের ব্যবস্থা হলে সরাসরি ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান এম নাজমুল ইসলাম। তিনি বলেন, পরবর্তী সময়ে তহবিল পাওয়া গেলে সংগঠনটি নিজেরাও ক্রীড়ার উন্নয়নে কাজ করবে।

Social Icons