মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী নম্বরপ্লেটের একাধিক মাপ ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতাও পেয়েছে সংস্থাটি।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২৮ অক্টোবর সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।
সংশোধিত নিয়ম অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগের পদ্ধতির পাশাপাশি এক লাইনে বা আনুভূমিকভাবে নম্বর লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।
এ ছাড়া মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের রেজিস্ট্রেশন নম্বর একাধিক মাপের দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমোদন দিতে পারবে কর্তৃপক্ষ।
নতুন বিধিমালায় নম্বরপ্লেটের বিভিন্ন কারিগরি বিষয় নির্ধারণের ক্ষমতাও বিআরটিএকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি বোঝানোর অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের ফাঁকা জায়গা এবং সংখ্যাগুলোর মধ্যবর্তী দূরত্ব।
এ ছাড়া একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার সময় জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহণ বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর করা হয়েছে।









