দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দেশের পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। তাঁর মতে, কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোনো শ্রমিক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী একটি পক্ষ পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করছে বলে তাঁর মনে হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
পোশাকশিল্পের পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে এই শিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি।
এ পরিস্থিতিতে পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।









