ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বৈঠকের একটি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে রুশ প্রেসিডেন্ট জেলেনস্কির পাঠানো উন্মুক্ত চিঠিকে ‘অভদ্র’ বলে মন্তব্য করেন। তিনি জেলেনস্কির নাম উল্লেখ না করে তাকে শুধু ‘চিঠির লেখক’ হিসেবে উল্লেখ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
সংঘাতের অবসান নিয়ে আলোচনার জন্য তাদের মধ্যে বৈঠক হতে পারে কি না জানতে চাইলে পুতিন উত্তর দেন, এখন পর্যন্ত আমি এর কোনও মানে দেখছি না।
আরও পড়ুন: পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি, ক্রেমলিনের বার্তা ‘মস্কো আসুন’
জেলেনস্কির ওই চিঠি বৃহস্পতিবার প্রকাশিত হয়। এতে তৃতীয় কোনও দেশে যেমন সুইজারল্যান্ড বা তুরস্কে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি বলা হয়, বর্তমান যুদ্ধরেখা থেকেই কূটনৈতিক আলোচনা শুরু করা উচিত এবং আলোচনার সময় পূর্ণ যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছে ইউক্রেন।
‘দীর্ঘমেয়াদি শান্তি’ আহ্বান জানিয়ে পুতিন বলেন, এই চিঠির উদ্দেশ্য কী? এটি কি ব্যক্তিগত বৈঠকের পরিবেশ তৈরি করা, নাকি নিশ্চিত করা যে কোনও বৈঠকই না হয়? আমি মনে করি দ্বিতীয়টি। রুশ সেনাদের উদ্দেশে তিনি বলেন, কাজ চালিয়ে যাও, ভাইয়েরা।









