Home / জাতীয় / নির্বাচনের আগে ৪০ কোটি টাকার ঋণ, তদন্তের ইঙ্গিত

নির্বাচনের আগে ৪০ কোটি টাকার ঋণ, তদন্তের ইঙ্গিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে হেড অফিসের অনুমোদন ছাড়াই একটি গোষ্ঠীকে ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৯ জুন) সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে দেওয়া নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হেড অফিসের অনুমোদন ছাড়াই একটি গোষ্ঠীকে ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, যার কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। একই সঙ্গে সামাজিক কর্পোরেট দায়িত্ব (এসআর) কর্মসূচির নামে বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে বলে জানান তিনি। এসব বিষয় তদন্তের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের নিয়োগ, পদোন্নতি ও চাকরিচ্যুতি ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তার দাবি অনুযায়ী প্রায় ৯ হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার অভিযোগও রয়েছে।

তিনি বলেন, এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি আরডিএস প্রকল্পসহ বিভিন্ন ঋণ বিতরণ ও নির্বাচনের আগে অর্থ লেনদেনের বিষয়গুলোও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ন্যায়নীতি প্রতিষ্ঠার স্বার্থে সব অভিযোগই তদন্তের আওতায় আনা উচিত এবং প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। তিনি দাবি করেন, নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়েও যেসব অভিযোগ উঠেছে, বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রমাণিত অভিযোগ পায়নি, তাই তাকে প্রাথমিকভাবে নির্দোষ হিসেবে বিবেচনা করা উচিত।

Social Icons