জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ৩ জুলাই ড. আবদুল ওয়াহেদ চৌধুরী তার ফেসবুক আইডিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি কটাক্ষমূলক পোস্ট দেন।
১১ জুলাই ওই পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
১২ জুলাই চবি প্রশাসন একটি তিন সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে।
কমিটির আহ্বায়ক করা হয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনকে।
তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
এরপর কমিটির সুপারিশে সিন্ডিকেট সভায় ড. আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি অধিকতর তদন্তের জন্য নতুন একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অধিকতর তদন্তের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
