GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / নেপালে বন্যা: এক বাড়ি থেকে ২৩ মরদেহ উদ্ধার

নেপালে বন্যা: এক বাড়ি থেকে ২৩ মরদেহ উদ্ধার

নেপালে বন্যা এক বাড়ি থেকে ২৩ মরদেহ উদ্ধার

নেপালের নুয়াকোট জেলার বেত্রাবতীতে একটি বাড়ি থেকে ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উদ্ধারকারীরা মরদেহগুলো উদ্ধার করেন। ভয়াবহ আকস্মিক বন্যার মধ্যে এ ঘটনায় এলাকাজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ভারতের কুশিনগরে গণ্ডক নদী থেকেও ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ছয়জন নারী ও সাতজন পুরুষ রয়েছেন।

নেপালে চলমান ভয়াবহ বন্যায় বিভিন্ন দুর্গত এলাকা থেকে এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনো প্রায় ৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

উদ্ধার ও তল্লাশি কার্যক্রমে ২২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী কাজ করছেন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) মুখপাত্র শান্তি মাহাত মঙ্গলবার জানান, সোমবার পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩৯ জনে দাঁড়িয়েছে।

দুর্যোগ মোকাবিলায় দুর্গত এলাকাগুলোতে অন্তত ১৬টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। সরকারও উদ্ধার ও তল্লাশি অভিযান আরও জোরদার করেছে।

উদ্ধারকাজে নেপাল সেনাবাহিনীর সদস্যরাও অংশ নিচ্ছেন। আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনা থেকে এ পর্যন্ত ২৫৪ জন শ্রমিক ও কারিগরকে উদ্ধার করা হয়েছে।

টানেলে আটকা পড়া বা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানেও অভিযান চলছে। এ কাজে ভারত ও চীনের টানেল উদ্ধার বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯২৭টি মরদেহ ময়নাতদন্ত ও সংরক্ষণের জন্য সিল করা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর এর মধ্যে ৫১টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে এখনো ৭২৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এসব মরদেহের মধ্যে ৪১৩টির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বন্যায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে ২ হাজার ৯৭০ জনের জন্য বিভিন্ন এলাকায় অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

এর মধ্যেই বিষ্ণুমতী নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে যাওয়ায় নতুন করে সতর্কতা জারি করেছে এনডিআরআরএমএ। কাঠমান্ডুর গঙ্গাবু এলাকার কাছে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Social Icons