GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জীবনযাপন ও স্বাস্থ্য / জীবনযাপন / অন্যান্য / ধর্ম / স্ত্রীকে ‘আপু’ ডাকলে কি তালাক হয়ে যায়? ইসলাম কী বলে

স্ত্রীকে ‘আপু’ ডাকলে কি তালাক হয়ে যায়? ইসলাম কী বলে

স্ত্রীকে ‘আপু’ বা ‘বোন’ বলে ডাকলে তালাক হয়ে যায় কি না, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে ইসলামী ব্যাখ্যায় বলা হয়েছে, এমন সম্বোধন করা মাকরুহ। তবে এ কারণে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় না। তালাকও হয় না। কোনো কাফফারাও দিতে হয় না।

হাদিসে স্ত্রীকে বোন বলে সম্বোধন করতে নিষেধ করা হয়েছে। এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করলে রাসূলে কারিম (সা.) বিষয়টি অপছন্দ করেন। তিনি এ ধরনের সম্বোধন থেকে বিরত থাকতে বলেন। (সুনানে আবু দাউদ ১/৩০১; মুসান্নাফ আবদুর রাযযাক ৭/১৫২)

আরেক হাদিসে আবু তামিমা আল জুহামী (রা.) থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি তার স্ত্রীকে ‘হে আমার বোন’ বলে সম্বোধন করেন। তখন আল্লাহর রাসুল (সা.) প্রশ্ন করেন, ‘সে কি তোমার বোন?’ এরপর তিনি এ ধরনের সম্বোধন অপছন্দ করেন। এভাবে ডাকতেও নিষেধ করেন। (সুনানে আবু দাউদ: ২২০৪)

তাই স্ত্রীকে ‘বোন’, ‘আপু’ বা এ ধরনের সম্বোধন করা থেকে বিরত থাকা উচিত। একইভাবে স্ত্রীও স্বামীকে ‘ভাই’ বা ‘ভাইয়া’ বলে সম্বোধন না করাই ভালো।

তাহলে কি তালাক হয়ে যাবে?

স্ত্রীকে ভুল করে ‘আপু’ বা ‘বোন’ বলে ডাকলে তালাক হবে না। এতে বৈবাহিক সম্পর্কেরও কোনো ক্ষতি হবে না।

একইভাবে স্ত্রী যদি স্বামীকে ‘ভাই’ বা ‘ভাইয়া’ বলে ডাকেন, তাতেও তাদের বিবাহিত সম্পর্ক নষ্ট হবে না।

এ কারণে কোনো কাফফারাও দিতে হবে না। তবে যেহেতু এ ধরনের সম্বোধন করা মাকরুহ বলা হয়েছে, তাই ভবিষ্যতে এমন শব্দ ব্যবহার না করাই উত্তম।

স্বামী-স্ত্রী কীভাবে সম্বোধন করবেন?

স্বামী-স্ত্রীর মধ্যে এমন সম্বোধন ব্যবহার করা উচিত, যাতে ভালোবাসা ও সম্মান প্রকাশ পায়। এমন শব্দ এড়িয়ে চলা উচিত, যাতে অসম্মান বা অস্বস্তির অনুভূতি তৈরি হয়।

তারা চাইলে পরস্পরকে সন্তানের নামের সঙ্গে যুক্ত করে সম্বোধন করতে পারেন। নিজেদের নাম ধরেও ডাকতে পারেন।

তবে নাম ধরে ডাকাটি যদি কোনো সংস্কৃতিতে অপমানজনক হিসেবে বিবেচিত হয়, তাহলে তা এড়িয়ে চলা উচিত। মূল বিষয় হলো, সম্বোধনে যেন ভালোবাসা ও সম্মান প্রকাশ পায়।

সুতরাং স্ত্রীকে ‘আপু’ বা ‘বোন’ বলে ডাকা থেকে বিরত থাকা উচিত। তবে এমন সম্বোধন হয়ে গেলে তা তালাকের কারণ নয়। বৈবাহিক সম্পর্কও এতে ভেঙে যায় না।

Social Icons