GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আইন ও অপরাধ / অপরাধ / কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছিনতাইকারী নিহত

কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছিনতাইকারী নিহত

কদমতলীর নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে এক ছিনতাইকারী নিহত

রাজধানীর কদমতলীতে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

শনিবার ভোরে কদমতলী থানার নামা-শ্যামপুর এলাকার বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সদস্যরা মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ জানান, ভোরের দিকে ভাঙা ব্রিজ এলাকায় দুই পথচারীকে ঘিরে ধরে তিন ছিনতাইকারী।

তাদের একজন এক পথচারীকে পেছন থেকে জাপটে ধরে। এরপর অন্য দুইজন তাঁর কাছ থেকে টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করার চেষ্টা করা হয়। তখন পেছন থেকে পথচারীকে ধরে রাখা ছিনতাইকারী ছুরিকাহত হন।

ঘটনার পর অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়। তবে আহত ব্যক্তি রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়।

পুলিশ কর্মকর্তা সজীব কুমার বাড়ৈ আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Tagged:

Social Icons